বাংলার আকাশ ডেস্ক :
জেনেভায় চলমান ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ (ডব্লিউএইচএ)-এর ফাঁকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদারের ঘোষণা দেওয়া হয়েছে।
বৈঠকে অংশ নেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুহিত এবং মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী Dzulkefly Ahmad।
বৈঠকের প্রধান আলোচ্য ছিল চিকিৎসা পর্যটন বা ‘হেলথ ট্যুরিজম’ খাত সম্প্রসারণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৭১ হাজারের বেশি রোগী চিকিৎসার জন্য মালয়েশিয়া গিয়েছেন, যা দেশটির স্বাস্থ্য খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মালয়েশিয়ার উন্নত চিকিৎসা ব্যবস্থা, সহজলভ্য সেবা এবং তুলনামূলক কম খরচের কারণে দেশটি বাংলাদেশি রোগীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।
এ ধারাবাহিকতায় চিকিৎসার পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা, মানসিক স্বাস্থ্য সেবা উন্নয়ন এবং প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য ব্যবস্থাপনা।
এছাড়া মেডিকেল ডিভাইস, ফার্মাসিউটিক্যালস এবং স্বাস্থ্য খাতে ডিজিটালাইজেশন নিয়েও দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে।
উভয় দেশ বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা ও মহামারি ব্যবস্থাপনায় আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে।