বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপ চালক প্রবীর রায় চৌধুরী (৩৬) এবং হেলপার জুয়েল (১৮)। প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার বাসিন্দা এবং জুয়েল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীজার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি পণ্যবাহী কাভার্ডভ্যান এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়।
ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।