বাংলার আকাশ ডেস্ক :
পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল (১৪ এপ্রিল) টাঙ্গাইল জেলার শহীদ মারুফ স্টেডিয়াম থেকে দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
সরকারি এই উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে। কার্ডধারী কৃষকরা বছরে আড়াই হাজার টাকা সহ বিভিন্ন ধরনের সহায়তা ও সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে যান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের উন্নয়ন হলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই এই কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ দেশের ১১টি স্থানে প্রি-পাইলটিং কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে এটি সারা দেশে বিস্তৃত করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।
এদিকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি উল্লেখ করেন, কৃষক আন্দোলনের ঐতিহাসিক নেতা আবদুল হামিদ খান ভাসানী-এর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পহেলা বৈশাখের আনন্দের সঙ্গে কৃষকদের জন্য নতুন এই উদ্যোগ দেশের কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।