বাংলার আকাশ ডেস্ক :
এস ইসলাম:
প্রতিবছরের ন্যায় এবারও ফরিদপুরের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত হজ্জ এজেন্সি আল মামুন হজ্জ কাফেলা-এর উদ্যোগে একটি জাঁকজমকপূর্ণ হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আ. আ. ইব্রাহিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি আব্দুল কাইয়ুম। এছাড়াও বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত আলেমগণ, যারা হজ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় হজ্জের ফরজ, ওয়াজিব, সুন্নাত, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থানসহ প্রতিটি ধাপ বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের জন্য ছিল হাতে-কলমে প্রশিক্ষণ, প্রশ্নোত্তর পর্ব এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা।

সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ইউনুস আলী মোল্লা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা মোঃ মামুনুর রশিদ। আয়োজকরা জানান, হজ্জযাত্রীদের সঠিকভাবে প্রস্তুত করতেই প্রতি বছর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আল মামুন হজ্জ কাফেলার পক্ষ থেকে জানানো হয়, “হজ্জ শুধু একটি ইবাদত নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সঠিকভাবে হজ্জ আদায়ের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।”
কর্মশালায় ফরিদপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হজ্জযাত্রী ও আগ্রহী মুসল্লিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী হিসেবে অভিহিত করেন।
স্থানীয়দের মতে, আল মামুন হজ্জ কাফেলা তাদের ধারাবাহিক সেবার মাধ্যমে ইতোমধ্যেই ফরিদপুরে একটি আস্থার নাম হয়ে উঠেছে এবং প্রতি বছর এমন আয়োজনের মাধ্যমে তারা হজ্জযাত্রীদের আরও সচেতন ও প্রস্তুত করে তুলছে।