বাংলার আকাশ ডেস্ক :
চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সিটি করপোরেশন পরিচালিত চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনতলা বিশিষ্ট এই মার্কেটের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণের কাজ চলছে। ঘন ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এ সময় অতিরিক্ত ধোঁয়ার কারণে কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মার্কেটটি বন্ধ ছিল। দুপুর ২টা থেকে খোলার কথা থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে তিনতলা এই মার্কেটে প্রায় ৫০০টি দোকান রয়েছে বলে জানা যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে এসে ভিড় করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনও পুরো পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে। আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।”