বাংলার আকাশ ডেস্ক :
কক্সবাজারের পর্যটন এলাকা কলাতলীতে একটি নবনির্মিত এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
দগ্ধদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বাকি আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘এন আলম’ নামের ফিলিং স্টেশনটির কোনো বৈধ অনুমোদন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় ধরে গ্যাস লিকেজ চলার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা থেকেই এলাকায় তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১৪ হাজার লিটার ধারণক্ষমতার গ্যাস ট্যাংকে বিকট বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত পাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের যৌথ প্রচেষ্টায় প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর ও পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি জিপ গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, স্টেশনটির মালিকপক্ষের অবহেলা এবং নিরাপত্তাহীন ব্যবস্থাপনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আগুন পাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, অনুমোদনহীন ফিলিং স্টেশনটির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।