দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ছুটির দিনেও দূষণ থেকে মুক্ত নয় রাজধানীর বাতাস। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে ঢাকার বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ অবস্থায় রেকর্ড করা হয়েছে। অন্যদিকে একই সময়ে বিশ্বের বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং শহর, সেখানকার বাতাসকে চিহ্নিত করা হয়েছে বিপজ্জনক হিসেবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) রিয়েল-টাইম সূচক থেকে এই তথ্য জানা গেছে।
আইকিউএয়ার-এর দেওয়া তথ্য অনুযায়ী, সকালে আন্তর্জাতিক বায়ুমান সূচকে ঢাকার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ১৩২। বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, এ ধরনের স্কোর সংবেদনশীল জনগোষ্ঠী বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। একই সময়ে তালিকায় শীর্ষে থাকা কুচিং শহরের বায়ুদূষণ স্কোর ছিল ৩১৬, যা সরাসরি ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ পরিবেশ নির্দেশ করে। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা শহর, সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘সবাইয়ের জন্য অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বাতাসকে ‘দুর্যোগপূর্ণ বা মারাত্মক ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।