বাংলার আকাশ ডেস্ক :
রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১০।
মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে গোয়ালন্দ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী সড়কে একটি নছিমনে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা।
আটক ব্যক্তি হলেন মো. শাহিনুর মোল্যা (২৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।