বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে শহরের একটি বিরিয়ানির দোকানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলামের নেতৃত্বে শহরের ডায়বেটিক হাসপাতালের মোড় সংলগ্ন ঝিলটুলি এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘কাচ্চি সুলতান’ নামক বিরিয়ানির দোকানে অসাস্থ্যকর কাপড়ের রং ও কেমিক্যাল ব্যবহারের পাশাপাশি লেবেলবিহীন ঘি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম ও দীপ্ত চক্রবর্তী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফরিদপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ, এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশীদ খান।

এছাড়া একই অভিযানে ৪টি মুদি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না।