বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গত রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা সভার সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম (পিপিএম-সেবা), জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসসহ র্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় ফেব্রুয়ারির আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ঈদুল ফিতরের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়।
সভায় জানানো হয়, সড়কে যানজটের সমস্যা বেড়ে গেছে। দুর্ঘটনা রোধে ভাঙ্গা-ফরিদপুর, ফরিদপুর-মাগুরা ও ফরিদপুর-রাজবাড়ী সড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হবে।
শহরের যানজট কমাতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা আগামী সভায় প্রয়োজনীয় সুপারিশ দেবে।
এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।