ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষ ভবনের ৯তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। রবিবার (৪ অক্টোবর) রাত ১২টার পর এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৫-২৬ সেশনের শিক্ষার্থী। তার দেশের বাড়ি খুলনায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী সরাসরি মাটিতে না পড়ে হলের নিরামিষ ম্যাসের ছাদের ওপর পড়েন। ঘটনার পরপরই হলের অন্যান্য শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।