বাংলার আকাশ ডেস্ক :
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী দ্বিতীয়বারের মতো ইসরাইলে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। গোষ্ঠীটির ভাষ্যমতে, তারা রোববার (২৯ মার্চ) দক্ষিণ ইসরাইলের বিভিন্ন এলাকায় লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ধারাবাহিক হামলা চালায়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরাইলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, ইরান ও হিজবুল্লাহর সমন্বিত সামরিক অভিযানের সাথে মিল রেখে এই হামলা পরিচালিত হয় এবং এটি তাদের উদ্দেশ্য পূরণ করেছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না ইসরাইল তাদের হামলা ও আগ্রাসন বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত ভবিষ্যতে আরও হামলা চালানো হবে।
এর আগে, ২৮ ফেব্রুয়ারির পর ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর দ্বিতীয় দফা হামলার দাবি সামনে আসে। ইসরাইলি ও যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়।
এছাড়া, এর আগের দিন শনিবারও ইয়েমেন ইরানের পক্ষে ইসরাইলে প্রথম হামলার ঘোষণা দেয়। তারা জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান বন্ধ না হলে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপ চালাবে।
শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, “সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আমাদের প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে।”