ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে উল্টে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ থেকে ১৬ জন যাত্রী হালকাভাবে আহত হয়েছেন।
আজ
সোমবার সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি গ্রামে ফরিদপুর–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি ফয়সাল মাতুব্বর
এর বাড়ির সামনে বলে জানা গেছে।
জানা যায়, ফরিদপুরগামী চাকলাদার পরিবহন (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব ১৫-২২ ০৫) একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ভবুকদিয়া থেকে পুকুরিয়াগামী একটি ইজিবাইক দেখতে পায়। এ সময় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের খাদে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, নগরকান্দা থানার এসআই সনাতন ও ভাঙ্গা হাইওয়ে থানার এটিএসআই বিল্লাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় লোকজনের সহায়তায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।পুলিশ আরও জানায়, ফরিদপুর থেকে ভাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক ভাঙা থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।